মাইক্রোসফট এক্সেল থেকে শুরু বিগ ডোটা
রাজধানীর কারওরান বাজারের সিএ ভবনে অনুষ্ঠিত হলো ‘বিগ ডেটার ছোট কথা: মেশিন লার্নিং থেকে নীতিনির্ধারণে ডেটার ব্যবহার ও ক্যারিয়ার’ শীর্ষক পাবলিক লেকচার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে মাসিক বিজ্ঞানচিন্তা আয়োজিত এই সভায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশ নেন।
বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডেটা সায়েন্টিস্ট ফেলো সাবহানাজ রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম জাবের এবং দ্য ডেইলি স্টারের ডেটা সাংবাদিক জায়মা ইসলাম।
ডেটার ইতিহাস দিয়ে আলোচনা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মইনুল ইসলাম জাবের। কোনো ধরনের তথ্য আমরা খুঁজব বা কীভাবে তথ্য খুঁজব কিংবা অনেক তথ্য একত্র করে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করেন তিনি।
আব্দুল কাইয়ুমে বলেন, ‘আমরা প্রতিদিন যা যা করি, যেমন মোবাইল ফোনে কল করি বা মেসেজ দিই। এতে প্রচুর তথ্য লুকিয়ে থাকে। গুগল বা ফেসবুক এই তথ্য ব্যবহার করে এত স্মার্ট আচরণ করে। বিজ্ঞান জানলে আমাদের ছেলেমেয়েরাও এমন স্মার্ট হতে পারবে।’
আলোচনায় ডেটা সায়েন্টিস্ট ও যুক্তরাষ্ট্রের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ফেলো সাবহানাজ রশীদ বলেন, ‘আমাদের চারপাশে অসংখ্য ডেটার ছড়াছড়ি। এই ডেটা কীভাবে ব্যবহার করতে হবে বা অনেক তথ্য একত্রে কীভাবে কাজ করে, তা জানা জরুরি। এ ছাড়া ডেটা সায়েন্স শিখতে হলে বেসিক স্ট্যাটিস্টিক, মাইক্রোসফট এক্সেল সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে।’